Showing posts with label শিকল. Show all posts
Showing posts with label শিকল. Show all posts

শিকল

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ্

ওই আঁটসাঁট ছোট জামাটা আমার গায়ে
পরাবার চেষ্টা কোরো না।
আমাকে থাকতে দাও ঢিলে-ঢোলা
আমাকে খোলামেলা থাকতে দাও।
সমুদ্র থেকে উঠে আসছে যে নদী
পাখির মতো ডানা মেলে,
আমাকে সে নদীর মতো থাকতে দাও অফুরন্ত,
স্রোতের মতো প্রাণবান থাকতে দাও আমাকে।
চার দেয়ালের ভেতরে আমি ছিলাম
আমি ওই বদ্ধ জলাশয়েও ছিলাম
আমি ছিলাম কবরের সুপ্রাচীন অন্ধকারে,
গতিহীনতার কারাগার আমাকে
টুকরো টুকরো করে ছিঁড়েছে।
ফিরতে বোলো না।
আমাকে থাকতে দাও স্রোতময় জলের মতন,
আমাকে থাকতে দাও জোয়ারে ভাটায়
আমাকে থাকতে দাও পতনে উত্থানে—
ওই আঁটসাঁট জামা আমাকে পরতে বোলো না।
সংকীর্ণ আস্তিনে আমার
বাহু দুটি আটকা পড়ে যায়,
আমি পাখা মেলতে পারি না।
আমি নিঃশ্বাস নিতে পারি না।