Showing posts with label আজি রজনীতে. Show all posts
Showing posts with label আজি রজনীতে. Show all posts

আজি রজনীতে

অচিন্ত্যকুমার সেনগুপ্ত

আজি রজনীতে জানালার ধারে ফুটেছে আমার হেনা,
ওর পানে চেয়ে মনে পড়ে সেই বলেছিলে,---ভুলিবে না !
আছ কি নিদ্রাগত,
চোখের পাতায় ঘুম নেমেছে কি আমার স্নেহের মত ?
সফেনপুঞ্জা তটিনীর নীরে তুমি নবেন্দুরেখা,
দুখ-জাগানিয়া কোন্ বাঁশরীর অস্ফুট গীতলেখা !
শেষবিস্তারপান্ডুর তব স্তনকোরকের জ্যোতি,-----
শিথিল শিথানে কারে মোহিয়াছো---ব্রীড়ায় বেপথুমতী !
গোপন মিলন সুখে
মৃণালমৃদল দুটি বাহু দিয়ে জড়ায়েছো কা’রে বুকে !
পল্লবরাগতাম্র অধরে কার তরে এত মধু,
কা’র করে লীলাকমল তুমি গো, কার তুমি লীলাবধূ !
তনুতট উচ্ছল
শিশিরশীতল কপোলে পড়েছে বিচূর্ণকুন্তল !
হেথায় আঁধার নেমেছে নিবিড় কাকপক্ষের মত,
মনে আনে কা’র কালো দুটি আঁখি মমতায় সন্নত !
ফুটেছে ব্যথার হেনা,-----
কেন ঘুমাইলে, ---- আমার মতন কেন তা’রে চিনিলে না ?